
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সকল নাগরিকের সুষম উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৷ বুধবার (১ মার্চ) ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরের অধীন ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের উদ্যোগে ‘দ্য রোল অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন এড্রেসিং পোভার্টি অ্যান্ড ইনইকুয়েলিটি’ শীর্ষক সেমিনারে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত হয়ে শিরীন শারমিন চৌধুরী এ কথা জানান।
সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, শ্রেণী-পেশা নির্বিশেষে দেশের নাগরিকের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। কোন নাগরিক যেন গৃহীত উন্নয়ন কৌশলের সুফল থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ সময় স্পিকার বাংলাদেশ সরকারের সার্বিক উন্নয়ন কৌশল ও সম্ভাবনার প্রেক্ষাপট তুলে ধরেন।