
স্পোর্টস ডেস্কঃ ১৯৫৮ বিশ্বকাপের প্রসঙ্গ উঠলেই অবধারিতভাবে চলে আসে পেলের নাম। ফুটবল সম্রাটের ইতিহাস লেখার শুরুটা তো এখান থেকেই! তবে ফুটবল নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করেন, তাদের জুস্ত ফঁতেইনের নামও মনে থাকার কথা। কেননা সেই বিশ্বকাপে ১৩ গোল করে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। ফরাসি এই ফুটবলারের কীর্তি অক্ষত অবস্থায় রয়েছে। প্রতি চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ হলেও ফঁতেইনের ১৩ গোলের রেকর্ড ভাঙতে পারেননি কেউই। সেই ফঁতেইন আজ চলে গেলেন না ফেরার দেশে। পেলের মৃত্যুর পর দুই মাসের ব্যবধানে আরও এক কিংবদন্তিকে হারালো ফুটবল। মৃত্যুকালে ফঁতেইনের বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী হেড কোচ দিদিয়ের দেশম বলেন, 'ফঁতেইনের মৃত্যু আমাকে ব্যথিত করেছে। যারা ফুটবল ও আমাদের জাতীয় দলকে ভালোবাসে তাদের সকলকেই ভারাক্রান্ত করবে এই মৃত্যু।'
১৯৫৩ সাল থেকে ১৯৬০ পর্যন্ত ফ্রান্সের জার্সিতে ২১টি ম্যাচ খেলেছেন ফঁতেইন। গোল করেছেন ৩০ টি। এই সময়ে বিশ্বকাপ কেবল একবারই খেলা হয়েছে তার। সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮'র বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল খেলেছিল ফ্রান্স। যদিও ব্রাজিলের কাছে ৫-২ গোলে হেরে ফাইনালে উঠা হয়নি তাদের। তবে ফঁতেইনের কাছে আসরটি ছিল স্বপ্নের মতো। সেই আসরে নিজেদের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। জোড়া গোল করেন যুগোস্লাভিয়া ও উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে। একটি করে গোল আসে স্কটল্যান্ড ও ব্রাজিল ম্যাচে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে একাই করেন চার গোল।