
নিউজ ডেস্কঃ স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট শিক্ষা এবং স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এই স্মার্ট শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তিতে যেমন দক্ষ হবে, তেমনি সৃজনশীলতা ও মানবিকতার সমন্বয়ে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। বুধবার (১ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়াম উদ্বোধন ও নবীনবরণ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের লাগবে স্মার্ট শিক্ষা। আর তার জন্য লাগবে স্মার্ট শিক্ষার্থী। আর স্মার্ট শিক্ষার্থীর জন্য আমাদের শিক্ষাখাতকে ঢেলে সাজাতে হবে, রূপান্তর করতে হবে। আমরা রূপান্তরের সেই কাজটি শুরু করেছি। এতে যেমন শিক্ষার্থী এবং অভিভাবকরা উচ্ছ্বসিত, ঠিক তেমনি আমাদের সমাজের একটি অংশ এই বিষয়টিকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের একটা অপচেষ্টা চালাচ্ছে।