
নিউজ ডেস্কঃ দেশের ফুটবলের উন্নয়নে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গণভবনে আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে সৌজন্য সাক্ষাৎ দেওয়ার সময় তিনি এই সহযোগিতা চান। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেসির নাম এবং আর্জেন্টিনার ফুটবল বাংলাদেশের ঘরে ঘরে খুবই জনপ্রিয়। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক, সামাজিক, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আর্জেন্টিনার সঙ্গে যোগাযোগ জোরদারে তার সরকারের আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বুয়েনস আইরেসের সঙ্গে সম্পর্ক বাড়াতে খুবই আগ্রহী।