
নিউজ ডেস্কঃ বর্তমানে বিএনপির চলমান আন্দোলনে ছাত্রদলের ভূমিকা প্রত্যাশাপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল উত্তরাঞ্চলের সাবেক ও বর্তমান নেতারা।
আমির খসরু মাহমুদ বলেন, অনেকেই মনে করছেন বর্তমানে চলমান যে আন্দোলন সেখানে ছাত্রদলের ভূমিকা প্রত্যাশা পূর্ণ নয়। বাংলাদেশের জনগণ এবং দলের মধ্যে এ বিষয়টা কাজ করছে। প্রত্যাশিত রেজাল্ট ছাত্রদল এখনো দিতে পারেনি। এ সত্য কথা আমাদের বলতে হবে। বিএনপির এ ক্রান্তিকালে ছাত্রদলের প্রত্যাশিত ভূমিকা পালন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।