
নিউজ ডেস্কঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার ডিজিটাল নথির উন্নত সংস্করণ স্মার্ট নথি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ব্যবস্থায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বিগ ডাটা এনালাইসিস, ব্লক চেইনসহ অন্যান্য ফ্রন্টিয়ার প্রযুক্তি ডিজিটাল নথির সাথে যুক্ত করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং পেপারলেস অফিস প্রতিষ্ঠায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। রোববার (২৬ ফেব্রুয়ারি) ইউজিসি অডিটোরিয়ামে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ডি-নথি বাস্তবায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জুনাইদ আহমেদ পলক। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া বক্তব্য রাখেন।