
নিউজ ডেস্কঃ ফের অ্যাডিনোভাইরাসে দুই শিশু মৃত্যু ঘটেছে কলকাতায়। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শিশুর প্রাণ কাড়ল এই ভাইরাস। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে ৯ মাসের একটি কন্যাশিশু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। এর কয়েক ঘণ্টা পর রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে বছর দেড়েকের এক শিশুর মৃত্যুর খবর আসে।
এ দুই খবরে অ্যাডিনোভাইরাসের আতঙ্ক বেড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের শহর থেকে জেলা সর্বত্রই ক্রমেই থাবা বসাচ্ছে এই ভাইরাস। এর আগেও অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ঘটে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৪ শিশু প্রাণ হারিয়েছে। বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা।