
নিউজ ডেস্কঃ আগামীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্রুত স্থিতিশীল থাকবে বলে মনে করছেন দেশের প্রাচীন ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রবাসী আয় বাড়ছে, রফতানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংক-আইএফসির ঋণ নিশ্চিত হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার জোগান বাড়বে। ফলে ডলারে অস্থিরতা শিগগিরই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় এমসিসিআইয়ের সহ-সভাপতি হাবিবুল্লাহ এন করিম, মহাসচিব ফারুক আহমেদ বক্তব্য রাখেন। সাইফুল ইসলাম বলেন, বৈদেশিক মুদ্রার প্রধান উৎস প্রবাসী আয়। যেসব দেশে প্রবাসী আয়ে ভালো করে সে সব দেশে গত আট সপ্তাহ সপ্তাহ ধরে ভালো করছে না। সেখানে বাংলাদেশে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সরকারের সাম্প্রতিক বিভিন্ন রকমের উদ্যোগের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি ডলার পাঠাচ্ছে, আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।