
নিউজ ডেস্কঃ দরিদ্র দেশগুলোর রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দিতে উন্নত দেশগুলোকে জোড়ালো ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।সুইজারল্যান্ডের মন্ট্রিলে বিশ্ব স্বাস্থ্য কর্তৃক আয়োজিত ২২-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্বব্যাপী রোগীদের চিকিৎসা নিরাপত্তার ওপর পঞ্চম আন্তর্জাতিক মিনিস্ট্রিয়াল সম্মেলনে তিনি এ কথা বলেন।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সম্মেলনের শেষ দিনের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ভিত্তিক নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি তার বক্তব্যে বিশ্ব স্বাস্থ্যখাতের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্বের অধিকাংশ মানুষ দরিদ্র ও অসহায়। দরিদ্র দেশগুলো নানারকম খাদ্য সমস্যায় ভোগার পাশাপাশি খুব একটা মানসম্মত চিকিৎসা সেবা পায় না। এজন্য উন্নত দেশগুলোর উচিৎ অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত দরিদ্র দেশগুলোর স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও বেশি ও কার্যকর ভূমিকা রাখা। দরিদ্র দেশগুলোর রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দিতে উন্নত দেশগুলোর পক্ষ থেকে এগিয়ে আসতে হবে। দরিদ্র দেশগুলো হাসপাতালের অবকাঠামো নির্মাণ, উন্নত যন্ত্রপাতি কেনা ও প্রশিক্ষণ সেবা বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।