
নিউজ ডেস্কঃ নির্মাণ কাজের ক্ষেত্রে ই-টেন্ডারিং চালু হওয়ায় দুর্নীতি কমছে বলে মনে করছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি এও মনে করেন, সব ক্ষেত্রে ডিজিটাইলাজেশনে গেলে দুর্নীতি কমে যাবে। পাশাপাশি ভবিষ্যতে আইসিটি বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনাময় সেক্টর হবে।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ১৭তম বেসিস সফট এক্সপো-২০২৩ এর দ্বিতীয় দিনে মিনিষ্টারিয়াল কনফারেন্সে প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেক জায়গায় টেন্ডারবাজি কমেছে স্মার্ট টেন্ডার চালু হওয়াতে। বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমার মায়ের নামে টাঙ্গাইলে একটা কলেজ করেছি আমি। তো, সেখানে ভবনের নির্মাণের জন্য যে টেন্ডার, সেখানেও আমি এত বড় মন্ত্রী হয়ে প্রভাবিত করিনি। উল্টো যারা টেন্ডার পেয়েছে, তাদের থেকে আমি কিনে এনেছি কাজটা, নিজেরা ভালোভাবে করার জন্য। কাজেই ই-টেন্ডারিং আসার পর টেন্ডারবাজি কমেছে, দুর্নীতিও কমেছে।