
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় নারীরা অদম্য গতিতে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অদম্য নারীদের উৎসব 'উইমেন অব দ্যা ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল বাংলাদেশ (ওয়াও ফেস্টিভ্যাল)' এ প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। পাসপোর্টে মায়ের নাম লিপিবদ্ধ করা, স্থানীয় সরকারে নারীদের প্রতিনিধিত্ব করা, বিধবা ভাতা, ল্যাকটেটিং মায়েদের ভাতা, নারী শিক্ষায় ব্যাপক অগ্রগতি, ছয় মাস স্ববেতনে মাতৃতকালীন ছুটি, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসায়বান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার। শিল্প-সাহিত্যসহ সব ক্ষেত্রেই নারীরা আজ সফল। পোশাকশিল্প খাতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে আজ এ খাতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবেও নারীরা আজ অদম্য গতিতে এগিয়ে চলেছেন।