
নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে অন্তত এক কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ২৩) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর ৫০ বছর পূর্তি উদযাপন ও “বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র”-এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রোজার সময় আমরা অন্তত এক কোটি মানুষকে খাদ্য সহায়তা দেব; সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। যাতে আমাদের দেশের মানুষের কখনো খাদ্য কষ্ট না হয় সেটাই আমাদের লক্ষ্য।’ দরিদ্র মানুষের জন্য সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আপনারা জানেন আমাদের দেশে যারা হতদরিদ্র তাদেরকে আমরা কিন্তু প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিনা পয়সায় দিচ্ছি। এই চালের সাথে কিন্তু আমরা পুষ্টি চালও মিশিয়ে দিচ্ছি যাতে তাদের পুষ্টিহীনতা না হয়, সেদিকে লক্ষ্য রেখে।’