
নিউজ ডেস্কঃ পাবনার সাতটি উপজেলা ও থানা এলাকার বিভিন্ন স্থানে একরাতে ১৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে অন্তত অবিষ্ফোরিত ২০টি ককটেল জব্দের দাবি করেছে পুলিশ। আর এসব ঘটনায় জেলা ও উপজেলা বিএনপির প্রায় ৬শ নেতাকর্মীকে আসামি করে ৭টি মামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে ও বুধবার (২৩ নভেম্বর) দুপুরে মামলাগুলো দায়ের করা হয়। কোনো মামলায় পুলিশ, আবার কোনো মামলায় আওয়ামী লীগ নেতা বাদী হয়েছেন। তবে, এসব মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ককটেল বিস্ফোরণ, ককটেল উদ্ধার ও মামলাগুলোকে ‘সাজানো ও গায়েবি মামলা’ হিসেবে দাবি করেছে বিএনপি। তারা বলছে, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ বানচালের ষড়যন্ত্রের অংশ হিসবে এসব মামলা করেছে রাষ্ট্রপক্ষ। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে স্থানীয় পৌর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় হঠাৎ করে চারটি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল জব্বার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সাইদুল ইসলামসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে।