
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার নয় বরং নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য। বুধবার (২৩ নভেম্বর) কবিরহাট উচ্চ বিদ্যালায় মাঠে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন। বিএনপি তারেক রহমানকে তাদের নেতা মানতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ তারেক রহমানকে কখনো নেতা মানবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে নেতা রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যায়, সে আর যাই হোক দেশের জনগণের নেতা হতে পারে না। সরকার হঠানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে, এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।