
নিউজ ডেস্কঃ নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে। তারা ন্যূনতম আর্থিক সহায়তা পেলে তাদের ক্ষুদ্র শিল্পকে মাঝারি ও বৃহৎ শিল্পে পরিণত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (২৩ নভেম্বর) রেডিসন ব্লু হোটেলে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ভারত বিজনেস পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক নারী উদ্যোক্তা-সম্মেলন-২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্পিকার বলেন, কোভিড পরবর্তী সময়ে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়নের প্রতিটি সেক্টরে নারীদের সম্পৃক্ত করতে হবে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের নারী উদ্যোক্তারা অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এত দূর এসেছেন। মানসম্মত পণ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।