
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এ কাজ করেছে। তাদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আইনাশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এরই মধ্যে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার নেপথ্যের কারণ জানতে তারা কাজ করছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। আর এ ঘটনার সঙ্গে নিরপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে। আর জঙ্গিরা যেন দেশ ছেড়ে না পালাতে পারে এজন্য বর্ডারে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। বিএনপির আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল এবং ক্ষমতা দখলের পরিকল্পনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে। আওয়ামী লীগ সরকার জনগণের শক্তিতে শক্তিশালী। যারা ষড়যন্ত্র করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঢাকায় সমাবেশে জান-মালের কোনো ক্ষতি করে বিশৃঙ্খলা তৈরি করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।