
নিউজ ডেস্কঃ শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৪ নভেম্বর শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় উদ্যোক্তাদের জন্য ৩২৫টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টলের ব্যবস্থা থাকবে। তবে মেলায় বিদেশি বা আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শন বা বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২২ উপলক্ষে এসএমই ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী বলেন, জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি যন্ত্রপাতি, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, পাট ও পাটজাত, প্লাস্টিক, হস্ত ও কারু শিল্পের সাথে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানসমূহকে মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কামাল আহমেদ মজুমদার বলেন, শতভাগ দেশীয় পণ্যের এই মেলায় দেশীয় উৎপাদনকারী অথবা সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন।