
নিউজ ডেস্কঃ ‘খেলা হবে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে। আগামী বিজয়ের মাসে রাজপথে, খেলা হবে আগামী নির্বাচনে। বিজয়ের মাসে প্রস্তুত হয়ে যান, খেলা হবে নির্বাচনে।’ 'এই বাংলার মাটিতে এবার আগুন নিয়ে খেলতে দেবো না। লাঠি দিয়ে খেলতে দেবো না। রাজনীতি রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করতে চাই। যদি খেলার নিয়ম কেউ ভঙ্গ করেন, তাহলে খবর আছে।’ রোববার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপথ সড়কে আয়োজিত গণবিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের সন্ত্রাসবাদ, নৈরাজ্য বিরোধী গণবিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে কাদের বলেন, আজ আমাদের গণতন্ত্র বিএনপি গিলে খেয়েছে৷ তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে। স্বাধীনতার আদর্শ গিলে খেয়েছে। বিএনপি যদি আর ক্ষমতা হাতে পায় তবে তারা বাংলাদেশকেই গিলে খাবে। তাই খেলা হবে, খেলার কোনো বিকল্প নেই। ওবায়দুল কাদের বলেন, খেলা মানে পাল্টাপাল্টি না, খেলা মানে মারামারি না। যদি তারা (বিএনপি) আগুন নিয়ে আসে বা আগুন নিয়ে খেলে, তবে খেলা হবে।