
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সত্যিই বদলেছে, নির্বিঘ্নে চলছে উন্নয়ন দেশের কর্মযজ্ঞ। যাদের চোখ আছে তারা দেশের এই উন্নয়নের চিত্র দেখছেন।তিনি বলেন, এখন আর ‘হাওয়া’ ভবন নেই। উন্নয়ন করতে হলে এখন আর কোথাও টাকা দিতে হয়। ব্যবসায়িরাও ইচ্ছে মতো বিনিয়োগ করতে পারছেন। রবিবার (২০ নভেম্বর) দুপুরে ভিডিও কনফারেন্সে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতায় অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প ও অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এসময় ৪টি ক্যাটাগরিতে মোট ৫৩টি ফলক উন্মোচন করেন। সরকার প্রধান বলেন, কোভিডের আঘাত ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক মন্দাতেও বাংলাদেশ খারাপ নেই। এমন সময়েও দেশে নতুন নতুন শিল্পায়ন হচ্ছে। আজকের দিনটা আমাদের জন্য আনন্দের, বৈশ্বিক মন্দার মধ্যেও আমরা এতগুলো শিল্প অবকাঠামোর ভিত্তি প্রস্তর ও বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারছি। বর্তমান সরকারের ক্রমাগত প্রচেষ্টার ফলে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ।