
নিউজ ডেস্কঃ খুলনা শহরে শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, এই শব্দ দূষণের কারণে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় ডিসি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, এই শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কাজ করতে পারে। সভায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভব দৃশ্যমান হচ্ছে। খুলনায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ শনাক্তের ব্যবস্থা রয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার ৯টি উপজেলা ও খুলনা সিটি কর্পোরেশন এলাকায় মোট ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিগত সেপ্টেম্বর মাস থেকে এপর্যন্ত খুলনায় মোট ৭৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং সাত জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুই লাখ ৫৫ হাজার পাঁচশত সাতজন শিশুকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।