
নিউজ ডেস্কঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন "বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাতের আঁধারে ইটপাটকেল ছুঁড়ে ভাঙ্গার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৭টায় খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায়। রাতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, ইউএনও মোশারেফ হোসাইন, ওসি মুহাম্মদ আব্দুল ওহাব প্রমূখ। এ ঘটনার পর থেকেই বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার রাত ৮টায় উপজেলা আ.লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে পৌরবাজারের সোনালী ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় স্থানীয় প্রশাসনকে আগামী ৭ দিনের মধ্যে ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়। না হলে দলীয়ভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী জানায় নেতাকর্মীরা।