
নিউজ ডেস্কঃ শেরপুরের শ্রীবরদীতে তাঁতিদলের কর্মী সমাবেশে হট্টগোল ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল ফাটিয়ে স্লোগান দিতে থাকে দলীয় নেতাকর্মীরা। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে। আটকদের শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা করা হয়েছে। গত শুক্রবার রাতে পৌর শহরের উত্তর বাজার জামে মসজিদ ও পোষ্ট অফিসের পাশে সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি বিস্ফোরিত ককটেল, কিছু ইটের টুকরোসহ ১৫ জনকে আটক করে। এ ব্যাপারে থানায় বিস্ফোরক আইনে আটক ১৫ জনসহ ৩৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার শ্রীবরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদলের কর্মী সমাবেশ শেষ হয় সন্ধ্যায়। পরে দলের নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে উচ্ছৃংখল আচরণ ও নানা শ্লোগান দেয়। এ সময় পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন পুলিশ আহত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শহরের উত্তর বাজার জামে মসজিদ ও পোষ্ট অফিসের পাশে সড়ক থেকে ১৫ জনকে আটক করে। এসময় উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত ককটেল ও পাঁচটি বিস্ফোরিত ককটেলের অংশ ও ইট পাটকেল।