
নিউজ ডেস্কঃ আগামীকাল রোববার (২০ নভেম্বর) পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। এই অনুষ্ঠানের আয়োজক দেশ কাতার। দেশের পাঁচটি শহরের ৮টি স্টেডিয়ামে মোট ৬৪টি বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের উন্মাদনা চলবে ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রোগ্রামটি ৪৫ মিনিট ধরে চলবে। পরে রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। দেশের খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সব আয়োজন। স্টেডিয়ামে একসঙ্গে ৬০ হাজার দর্শক বসতে পারবেন। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক ডমিনিক লিল ববি এবং বলিউড সুপারস্টার নোরা ফাতেহি সহ বিটিএস ভক্তদের জন্য চমক রয়েছে।এবারের থিম সং 'দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক' গাইবেন ববি। মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন মানাল, রেহমার ও নোরা ফাতেহি। বর্তমানে বলিউডের সেরা নৃত্যশিল্পীদের তালিকায় রয়েছেন নোরা। এছাড়াও কোরিয়ান ব্যান্ড বিটিএস এর একটি সঙ্গীত পরিবেশনা থাকবে যা বিশ্বের বিভিন্ন দেশে বহুল আলোচিত ও সমাদৃত। ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য জন জাংকুক উদ্বোধনী মঞ্চে গান গাইবেন। এছাড়াও কাতারের স্থানীয় নৃত্যশিল্পীরাও আল বায়াত স্টেডিয়ামে পারফর্ম করার সুযোগ পাবেন।