
নিউজ ডেস্কঃ চার দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের মিলনমেলায় পরিণত হয়েছিল টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স। শুক্রবার (১৮ নভেম্বর) নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার ১২৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠান এ মিলনমেলায় পরিণত হয়। একই সঙ্গে কুমুদিনী কল্যাণ সংস্থার ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়। অনুষ্ঠান দুটি ঘিরে দেশি-বিদেশি অতিথিদের পদচারণায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথিদের মধ্যে ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুক, ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি, নেপালের রাষ্ট্রদূত গনশেম ভাণ্ডারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথের নেতৃত্বে বিচারপতি রুহুল কদ্দুস ও মো. ইকবাল কবির প্রমুখ। মূল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায় ভারতেশ্বরী হোমসের মাঠে। এ সময় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। এর মাধ্যমে তুলে ধরা হয় বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নৃত্য।