
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সহযোগিতার বিষয়ে অংশীদারিত্ব সংলাপের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও জিসিসির পক্ষে সংস্থাটির মহাসচিব ড. নায়েফ ফালাহ এম আল-হাজরাফ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। বাহরাইনের মানামা ডায়ালগ কনফারেন্সের সাইডলাইনে শুক্রবার (১৮ নভেম্বর) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও জিসিসি মহাসচিব নায়েফ আল হাজরাফে এক দ্বি-পাক্ষিক বৈঠক করেন। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে জিসিসিভুক্ত দেশসমূহ ও বাংলাদেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দ্বার উম্মোচিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রায় ৫০ লাখ বাংলাদেশি অভিবাসী জিসিসিভুক্ত দেশে কর্মরত রয়েছে, যারা জিসিসি ও বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। এসব দেশে আরও বেশি দক্ষ অভিবাসী কর্মী নিয়োগের সুযোগ রয়েছে।