
নিউজ ডেস্কঃ বিএনপি জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সিলেটের গণসমাবেশ প্রস্তুতি কমিটির উপদেষ্টা, সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। কেননা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। সেই কথাগুলোর বলার জন্য এ গণসমাবেশের আয়োজন করেছি। আর বিএনপি ক্ষমতায় গেলেও গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে চায়। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী তাই গণতন্ত্রের ভাষায় কথা বলি। আমরা অস্ত্রের ভাষায় কথা বলি না। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট নগরের আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শনকালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, যদিও সরকার বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে অনেক কাল্পনিক অভিযোগ এনেছে। কিন্তু আমরা সেটি প্রত্যাখ্যান করছি। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গেছেন, জনগণের শক্তিই বড় শক্তি। জনগণই সব ক্ষমতার উৎস। সেটার ওপর বিশ্বাস করে আমরা জনগণের সঙ্গে আছি। তাই জনগণের ভোটের ও কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। সেই কথাগুলোর বলার জন্য এ গণসমাবেশের আয়োজন করেছি।