
নিউজ ডেস্কঃ কালোবাজারিদের কাছ থেকে ট্রেনের টিকিট না কিনে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিতে রেলযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বাংলাদেশ রেলওয়ের ১৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) রেল সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের কালোবাজারি পুরোপুরি নির্মূল সম্ভব নয় দাবি করে মন্ত্রী রেলযাত্রীদের উদ্দেশ্যে বলেন, কালোবাজারিদের কাছ থেকে ট্রেনের টিকিট কিনবেন না। উল্টো যারা ট্রেনের টিকিট কালোবাজারি করছে, তাদের ধরিয়ে দিন। টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু রেল কর্তৃপক্ষ প্রতিরোধ গড়ে তুললেই কালোবাজারি নির্মূল সম্ভব নয়, যাত্রীদের পক্ষ থেকেও প্রতিরোধ গড়তে হবে। এসময় টিকিট কালোবাজারি অনেকটা কমিয়ে আনা হয়েছে দাবি করে রেলমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে টিকিট কালোবাজারি আমরা অনেকটা কমিয়ে এনেছি। তবে লোকবলের অভাবের কারণে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারেনি। কারণ ট্রেনের অনেক যাত্রীই বিনা টিকেটে চলাচল করে থাকেন। যা আমরা এখনও পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি।