নিউজ ডেস্কঃ শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘লজিস্টিকস শিল্প উন্নয়ন নীতি’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘লজিস্টিকস শিল্প উন্নয়ন নীতি’ প্রণয়নে বিশ্বের অন্যান্য দেশের উত্তম দৃষ্টান্তগুলো অনুসরণ করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সহযোগিতা নেওয়া হবে। সরকার দেশে অবকাঠামোগত উন্নয়নের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ফরমুলেটিং ন্যাশনাল লজিস্টিকস ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট পলিসি ফর বাংলাদেশ: এক্সপেরিয়েন্স ফ্রম গ্লোবাল গুড প্র্যাকটিসেস’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব ব্যাংক গ্রুপ ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সহযোগিতায় দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে। শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ডিজিটাল বিপ্লব এবং অবকাঠামোখাতে উন্নয়নের উদ্যোগের জন্য এ অর্জন সম্ভব হয়েছে। বেসরকারি খাতের অবদানও এ বিষয়ে সহায়তা করেছে। শিগগিরই উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ ঘটবে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য লজিস্টিকস খাতে খরচ কমিয়ে আনা জরুরি।