
নিউজ ডেস্কঃ নগরের আউটার স্টেডিয়ামে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সপ্তম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (১৫ নভেম্বর)। সোমবার (১৪ নভেম্বর) রাতে মেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। এ সময় চেম্বারের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী উপস্থিত ছিলেন। শিল্পপতি খলিলুর রহমান বলেন, আমাদের মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি রফতানি পণ্য প্রদর্শন। পাশাপাশি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যসামগ্রীর বাজার সৃষ্টি। যাতে নতুন নতুন পণ্য সম্পর্কে উদ্যোক্তারা জানতে পারেন। নতুন কিছুর সঙ্গে পরিচিত হতে পারেন, শিখতে পারেন। এক্ষেত্রে আমাদের মেলা শতভাগ সফল। তিনি বলেন, মেট্রোপলিটন চেম্বারের নিজস্ব ভবন তৈরির কাজ শুরু করেছি নগরের বায়েজিদে। ইতিমধ্যে আগ্রাবাদে একটি নতুন কার্যালয়ও নেওয়া হয়েছে। দেশের শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে এ চেম্বার দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি সরকারের প্রতি ঢাকার মতো চট্টগ্রামেও বাণিজ্যমেলার জন্য একটি স্থায়ী জায়গা বরাদ্দের দাবি জানান।