
নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ নিজেদের কাছে রাখতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য শিগগিরই একটি চিঠি দিয়ে সিদ্ধান্ত চাইবে সংস্থাটি। সোমবার (১৪ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে এনআইডি নিয়ে যাওয়ার জন্য নতুন একটি আইন করা হচ্ছে। এর আগে মন্ত্রিপরিষদ থেকে এনআইডি হস্তান্তর করার জন্য ইসিকে চিঠি দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে এনআইডি নিজেদের কাছে রাখার সুবিধা তুলে ধরে পাল্টা চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তবে তার কোনো জবাব না মিললেও নতুন আইন প্রণয়নের দিকেই যাচ্ছে সরকার। এই অবস্থায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়। মো. আলমগীর বলেন, এ ব্যাপারে তো নতুন পদক্ষেপ নেই। আমি যতটুক জানি কর্মকর্তাদের সমিতি থেকে আবেদন দিয়েছিল। আমরা বলেছি যে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবো। কমিশন সবার কাছে সবকিছু পাঠাতে পারে না। নিয়মকানুন আছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবো। তার অনুলিপি হয়তো সুরক্ষা বিভাগে পাঠাবো। এটুকুই সিদ্ধান্ত হয়েছিল। তিনি বলেন, ১০-১২ দিন আগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। চিঠিতে আমরা বলবো যে কর্মকর্তারা বিষয়টি আবেদন করেছেন। তাদের এ বিষয়টির বিবেচনার করে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কমিশনে থাকবে, না ওখানে চলে যাবে বিষয়টাই বিবেচনার জন্য বলা হবে।