News71.com
 Bangladesh
 12 Jul 16, 06:45 PM
 340           
 0
 12 Jul 16, 06:45 PM

জেএমবির ছয় সদস্যকে আসামি করে অভিযোগপত্র দাখিল।।

জেএমবির ছয় সদস্যকে আসামি করে অভিযোগপত্র দাখিল।।

নিউজ ডেস্কঃ রংপুর শহরে বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে (৪৪) গুলি করে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেছে পুলিশ।

রুহুল আমিনকে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গত ৩০ জুন রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দাখিল করে পুলিশ। বিষয়টি আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সাংবাদিকদের জানান মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) হোসেন আলী।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা ও পীরগাছা-কাউনিয়া এই দুই উপজেলার জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা (৩৩), একই এলাকার জঙ্গি সদস্য ইসাহাক আলী (৩৪), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাদ্দাম হোসেন (৩২), একই এলাকার আহসানউল্লাহ আনসারি (৩১), পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম (২৬) এবং লালমনিরহাটের বানভাসা এলাকার মোসাব্বেরুল আলম খন্দকার (২২)। ছয়জনের মধ্যে প্রথম পাঁচজন কুনিও হত্যা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হোসেন আলী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সহকারী (পিএস) রুহুল আমিনকে গুলি করার সময় মোটরসাইকেলে ছিলেন মাসুদ, ইসাহাক ও মোসাব্বেরুল। রুহুল আমিনকে পর পর দুটি গুলি করেন মাসুদ ও মোসাব্বেরুল। মামলার আসামিদের সবাই জেএমবির সদস্য।
উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে রুহুল আমিনের ওপর হামলা হয়। তার গলায় দুটি গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন