
নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। রোববার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন, ব্যাংক ও সংশ্লিষ্ট অফিসে অনুসন্ধান চালিয়েছে দুদক টিম। এই প্রথম তারা জাহাঙ্গীরের অভিযোগের বিরুদ্ধে গাজীপুরে অনুসন্ধানের কাজ শুরু করেন।
জানা গেছে, জাহাঙ্গীর আলমের অভিযোগের বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন দুদকের অনুসন্ধান টিম। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গত বছরের ২৫ নভেম্বর সাময়িক বরখাস্ত করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। পরে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার দুদক দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে। দুদকের উপ-পরিচালক আলী আকবর জানান, গত ৫ জুলাই তাকে (দুদকের উপ-পরিচালক আলী আকবরকে) প্রধান করে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। অনুসন্ধান টিমের অপর সদস্য হলেন- দুদকের সহকারি পরিচালক আশিকুর রহমান। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান কাজে রোববার প্রথম গাজীপুরে যাওয়া হয়। গাজীপুর সিটির নগর ভবন, কোনাবাড়ীর আঞ্চলিক কার্যালয়, একটি ব্যাংক ও দুইটি পোশাক কারখানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কার্যালয়ে অনুসন্ধান চালানো হয়। এসময় কিছু নথি/তথ্যের ফটোকপিও সংগ্রহ করা হয়েছে। এ সংক্রান্ত বাকি ডকুমেন্ট’র ফটোকপি ১১ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেকটি অভিযোগ অনুসন্ধান করবে বলে তিনি জানান।