
নিউজ ডেস্কঃ বৈশ্বিক সংকট বিবেচনায় রেখে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (সেপ্টেম্বর ০৩) সন্ধ্যায় গণভবনে ভ্যাটিকান সিটির বিদায়ী রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, পাপাল নানসিও’র সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
সরকার দরিদ্র গৃহহীন মানুষের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও আশ্রয় নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।ঢাকায় সফলভাবে মেয়াদ সম্পন্ন করার জন্য বিদায়ী হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি কূটনৈতিক কোরের ডিন হিসেবে দায়িত্ব পালনে দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, বাংলাদেশ হোলি সি’র সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। হোলি সি সামাজিক-সাংস্কৃতিক জীবনে গভীর অবদান রেখেছে এমন অনেক খ্রিস্টান মিশনারীর নিবেদিত কাজকে মূল্য দেয়।