
নিউজ ডেস্কঃ মানুষের কারণেই প্রকৃতি থেকে শকুন হারিয়ে গেছে বলে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও বন অধিদপ্তরের কনফারেন্স রুমে বিশ্ব শকুন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, মানুষের কারণেই শকুন হারিয়ে গেছে। আমরা নিজেরাই প্রকৃতি এবং পরিবেশের ক্ষতি করছি। গরুকে বাঁচাতে আমরা শকুন মেরে ফেললাম। গরুকে ডাইক্লোফেনাক এবং কিটোফেন ওষুধ খাওয়ানোর ফলে এসব মরা গরুর মাংস খেয়ে শকুনও মারা গেল। ছোটবেলায় আমরা হাজার হাজার শকুন দেখতাম। গরু ছাগল মারা গেলে সাথে সাথে শকুন এসে হাজির হয়ে যেত। শকুনকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। এখন গরু মারা গেলে আর শকুন দেখা যায় না।
তিনি আরও বলেন, শকুন হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকার সর্বদাই নিবেদিত। আমরাই বিশ্বের প্রথম দেশ যারা ক্ষতিকর কিটোপ্রফেন নিষিদ্ধ করে শকুন সংরক্ষণে এক ধাপ এগিয়ে আছি।কিটোপ্রফেন নিষিদ্ধের পর বন অধিদপ্তর ও আইইউসিএন মাঠ পর্যায়ে কিটোপ্রফেন নিয়মিত পরিবীক্ষণ করে আসছে। এখন মাঠ পর্যায়ে এই ক্ষতিকর ওষুধটি কমতে শুরু করেছে এবং নিরাপদ ওষুধ মেলোক্রিক্যাম ও টলফামেনিক এসিডের ব্যবহার বাড়তে শুরু করেছে, যা শকুন রক্ষায় একটি বড় পদক্ষেপ।