
নিউজ ডেস্কঃ বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের জন্য সরকার জেলায় জেলায় আয়নাঘর তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সব নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, কদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বিএনপির মিছিলে পুলিশ আর বাধা দেবে না। কিন্তু আমরা তার উল্টোটা দেখলাম। ওই বক্তব্যের পরপরই হামলার মাত্রা আরও বেড়ে গেছে। শ্রীনগর, ফেনী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, পটুয়াখালী রক্তাক্ত হয়েছে। পুলিশ দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের দ্বারা এসব করছে। এই হলো আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসন। কেউ যদি তার কথা বিশ্বাস করে তবে তারা বিভ্রান্তির মধ্যে বাস করছে।