News71.com
 Bangladesh
 26 Aug 22, 09:13 PM
 943           
 0
 26 Aug 22, 09:13 PM

জামিনে মুক্ত হয়েই রাজধানীতে বড় ধরনের মহড়া দিলেন যুবলীগের বহিস্কৃতনেতা সম্রাট॥

জামিনে মুক্ত হয়েই রাজধানীতে বড় ধরনের মহড়া দিলেন যুবলীগের বহিস্কৃতনেতা সম্রাট॥

নিউজ ডেস্কঃ জামিনে মুক্ত হয়েই দলবল নিয়ে রাজপথে বড় ধরনের মহড়া দিয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট। আজ শুক্রবার দুপুরে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান তিনি। তাঁর গাড়ির সামনে ছিল বিশাল মোটরসাইকেলের বহর। অনেক কর্মী-সমর্থক ছিলেন পিকআপে। বিকেল সোয়া চারটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান সম্রাট। এর আগে বেলা আড়াইটায় ঢাকা শহরের বিভিন্ন অংশ থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে সেখানে। বেশির ভাগ মোটরসাইকেলে চালকসহ আরোহী ছিলেন তিনজন। সম্রাটের অনুগতদের মহড়ার কারণে ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ দুপুরের পর প্রায় তিন ঘণ্টা ধানমন্ডির রাসেল স্কয়ারসহ আশপাশের সড়কের যানজট ছিল চোখে পড়ার মত।

গত সোমবার রাতে জামিনে মুক্ত হলেও অসুস্থতার কারণ দেখিয়ে গত তিনদিন হাসপাতালেই ছিলেন সম্রাট। আটকের পর থেকে কারাগারে না থেকে দীর্ঘদিন ধরেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। জামিন পাওয়ার পরও গত তিন দিন তিনি হাসপাতালেই অবস্থান করছিলেন। আজ হাসপাতাল থেকে প্রথমে তিনি শান্তিনগরে তাঁর মায়ের বাসায় যান, পরে সেখান থেকে সোজা ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার করা হলেও আজ তাঁর মহড়ায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি সোহরাব হোসেন, সরোয়ার হোসেন, হারুনুর রশিদ, নাজমুল হোসেন, কামাল উদ্দিন খান, মহসিন মাহমুদ, মজিব মহসিন, আলী আকবর, মুরসালিন আহমেদ, খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন