
নিউজ ডেস্কঃ জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালে কোনো ধরনের প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। নামমাত্র হরতালে দূরপাল্লার যান চলাচলও স্বাভাবিক রয়েছে। বেশ কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসগুলোতে কর্মমুখী মানুষের ভিড় ছিল একই রকম।
এদিন ঢাকার কল্যাণপুর এলাকায় দূরপাল্লার পরিবহনগুলোর কাউন্টার স্বাভাবিক নিয়মেই খোলা রয়েছে। টিকিট বিক্রির সঙ্গে সঙ্গে সময়মতো বাস ছেড়ে যেতেও দেখা গেছে। ঢাকা-গাইবান্ধা রূটে চলাচলরত অরিন ট্রাভেলসের টিকিট বিক্রেতা শফিক বলেন, নামমাত্র এ হরতালে যান চলাচলে কোনো প্রভাব নেই। স্বাভাবিক নিয়মেই সকাল থেকে আমাদের কাউন্টার খোলা রয়েছে, টিকিট বিক্রিও চলছে।তিনি বলেন, দূরপাল্লার বাসগুলোতে সাধারণত রাতেই যাত্রী বেশি হয়। আর দিনে অল্প কিছু বাস চলাচল করে, সেগুলো সময়মতোই ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে।