
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কখনো নিজের জীবনের মায়া করেননি। যদি তিনি জীবনের মায়া করতেন তাহলে স্বৈরশাসকদের বন্দুকের সামনে দাঁড়িয়ে স্বাধীনতাসহ দেশের জনগণের অধিকারের কথা বলতেন না। তিনি জানতেন তার আশেপাশে থাকা লোকেরাই তার প্রতি বন্দুক তাক করে আছে। তা সত্ত্বেও তিনি কখনো ভয় করে কথা বলেননি।
বুধবার (২৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র: পেছনে ফিরে দেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। দেশের বাইরে অবস্থান করায় সেই হত্যাকাণ্ড থেকে বেঁচে যান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ওপর ২১ বার হত্যাচেষ্টা চালানো হয়েছে। এতে প্রমাণ হয় অপশক্তিরা বঙ্গবন্ধুর রক্তকেই নয় তার পরিবারের সব সদস্যদের রক্তবিন্দুকেও ভয় পায়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বঙ্গবন্ধু যে সময় টুকু পেয়েছেন তিনি আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশকে একটি সমৃদ্ধশালী করতে কাজ করেছেন।