
নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশে আজ বিদ্যুৎ নেই, ডলার নেই, রিজার্ভ নেই। চারদিকে শুধু নেই নেই শব্দ। জনগণের বিরুদ্ধে গিয়ে, জনগণকে বলির পাঁঠা করে অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যাবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহাল না করা পর্যন্ত আর রাজপথ ছেড়ে যাব না।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে নগরের সদরঘাট থানা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শামীম বলেন, নির্বাচন কমিশন সরকারের পাঠানো প্রেসক্রিপশনেই আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে নির্বাচন করার ঘোষণা করেছেন। এই নির্বাচন কমিশন ইভিএমে ভোট গ্রহণের ঘোষণা দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচন তো অনেক দূরের কথা, আগে কথা বলতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে। তত্ত্ববধায়ক সরকার আসার পর, তাদের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন হবে। আর সে নির্বাচন কমিশনই ঠিক করবে কীভাবে নির্বাচন হবে। তবে আমাদের কথা পরিষ্কার, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশে আর কোনো নির্বাচন হবে না।