
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনে দেড়শ’ আসনে ইভিএমে ভোট করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত প্রত্যাখান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হবে সম্পূর্ণ ব্যালটে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে ইসির সিদ্ধান্তের বিষয়ে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।তিনি বলেন, এই ইসি শুধুমাত্র সরকারের ইচ্ছা পালন করার জন্য। তাদের যে লক্ষ্য আছে সরকার গঠন করার, সেই লক্ষ্যকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই ইসি ইভিএমের কথা আবারও বলেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা কখনোই জনগণ গ্রহণ করবে না, আমরাও গ্রহণ করছি না। এটাকে পুরোপুরিভাবে প্রত্যাখান করছি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি খুব পরিষ্কার। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচনে জনগণের দাবি প্রতিফলিত হবে না। জনগণের যে রায়, সেই রায় প্রতিফলিত হবে না। সুতরাং আমরা যেটা পরিষ্কার করে বলে এসেছি, অবিলম্বে এই সরকারকে তাদের ব্যর্থতার জন্য পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে তাদেরকে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন করে গঠিত সব দলের কাছে গ্রহণযোগ্য ইসির পরিচালনায় একটা পার্লামেন্ট নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে। ভোট হবে সম্পূর্ণ ব্যালেটে।