
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, কোন একটি বিশেষ রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে সংবিধানকে পাশ কাটানোর কোন সুযোগ নেই। তিনি বলেন, দেশে যাই করতে হবে সংবিধান অনুযায়ীই করতে হবে। কোন একটি দলকে আনুকূল্য দিয়ে সংবিধানকে পাশ কাটিয়ে নির্বাচনে আনতে হবে এমনটি সম্ভব নয়। এমন তো না যে, একটি দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির ডাঃ শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, জাতীয় পার্টি জেপির এজাজ আহমেদ মুক্তা, গণ আজাদী লীগের এ্যাডভোকেট এস কে সিকদার, জাসদের রেজাউর রশিদ, ন্যাপের পার্থ সারথী চট্টোপাধ্যায় প্রমুখ।
আমির হোসেন আমু আরও বলেন, আজ যারা ব্যবসায়ী সিন্ডিকেট, এগুলো কাদের সৃষ্টি ? আপনারা খোঁজ নেন। এই যে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে মালিক শ্রেণী, এরা কারা ? এরা বিরোধী শক্তি। সরকারের উচিত এদের কঠোরভাবে দমন করা। তিনি বলেন, আজকে যারা বড় বড় কথা বলছেন, ভোট ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, নির্বাচন কমিশনের সামনে না গিয়ে বাইরে বিবৃতি দিচ্ছেন, তাদের চেহারাগুলো আয়নায় দেখেই বলতে পারছেন। যারা ১২ দিন ভোট কারচুপি করে হাইজ্যাক করেছিল, তারাই আজকে বড় বড় কথা বলে।
১৪ দলের মুখপাত্র আরও বলেন, আমাদের দেশের যারা প্রগতিশীল, স্বাধীনতার পক্ষের শক্তি সবাইকে এক কথা বলতে হবে। আমি বলছি না যে, সবাইকে আওয়ামী লীগের পক্ষে বলতে। কিন্তু এমন কিছু বলা উচিত না যেন স্বাধীনতাবিরোধী শক্তি আরও শক্তি জোগাতে পারে। আমি মনে করি, আজ এ দেশের গণতন্ত্রের ধারা উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি রক্ষার্থে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করা উচিত। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের মুখোশধারী বিএনপি আর ধর্মের মুখোশধারী জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে। তারা খুন ও অপরাজনীতির ধারক। এদের কোন ছাড় দেয়া যাবে না।