
নিউজ ডেস্কঃ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সরকারি অফিসের সময় নির্ধারণের পর অধস্তন আদালতের কার্যক্রমেও পরিবর্তন এসেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ আগস্ট অধস্তন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কোর্টের সময়সূচি: রোববার থেকে বৃহস্পতিবার সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে ১২টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
অফিসের সময়সূচি: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। বেলা ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি চলবে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।