নিউজ ডেস্কঃ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার আমরা খুব সজাগ, কে কোথায় কী করছে আমরা জানি। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট ব্যর্থ হয়েছে। এখনো ষড়যন্ত্র আছে, আমরা জানি। নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। সে কারণেই তাকে হত্যাচেষ্টা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধান টার্গেট ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এত প্রিয় এখন বঙ্গবন্ধুর কন্যা, সারা বাংলায় ভোট হলে বিপুল ভোটে আবারও জয়ী হবেন। কাজেই তাকে সরাতে হলে হত্যার বিকল্প নেই। সেই জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কে কী করেন, কোথায় কী হচ্ছে— এবার কিন্তু আমরা খুব সজাগ। এবার কিন্তু আমরা খুব সর্তক। আমরাও জানি কোথায় কে কী করছেন; বিদেশিদের দরবারে, কোথায় কোথায় বৈঠক হচ্ছে।