
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমও হয়ে উঠেছিল অসহনীয়। এ অবস্থায় সোমবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীতে নামে এক পশলা বৃষ্টি। এতে নগরবাসীর জীবনে নেমে আসে স্বস্তি। বিকেল ৩টার পর রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, মগবাজার, মৌচাক এসব জায়গায় ঝুম বৃষ্টি শুরু হয়। আকাশও মেঘলা হয়ে আছে। ফলে গরমের ভ্যাপসা ভাব কেটে বইছে স্বস্তির বাতাস।
এর আগে সকালেই আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির এ প্রবণতা আগামী তিন দিন বাড়তে পারে।