
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, উত্তরার দুর্ঘটনায় আমাদের কোনো সেইফটি সেদিন ছিল না। সেখানে শতভাগ গাফিলতি ছিল। বার বার এমন দুর্ঘটনা প্রমাণ করে আমরা খালি কথাই বলছি, কাজে মনোযোগ দিচ্ছি না। রোববার (২১ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘নির্মাণের নিরাপত্তা সম্মতি আন্তর্জাতিক চুক্তি ও দেশীয় প্রেক্ষাপট’ শীর্ষক এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আমি বার বার বলছি থিওরিটিক্যালি না, বাস্তবে আমাদের কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। কাগজে-কলমে না করে প্র্যাক্টিকালি কাজ করতে হবে। উন্নয়ন চলমান অবস্থায় প্রতি মাসে অন্তত একটি নিরাপত্তা সমন্বয় সভা হবে জানিয়ে মেয়র বলেন, আমরা চাই আর কোনো দুর্ঘটনা না ঘটুক। এজন্য যা করা লাগে করবো। আজকে এখানে সবাইকে ডেকেছি। কারণ আমি মনে করেছি সিটি মেয়র হিসেবে আমার দায়িত্ব আছে, তাই সব প্রকল্প এবং সংস্থা প্রধানকে ডেকেছি।