News71.com
 Bangladesh
 21 Aug 22, 11:09 AM
 221           
 0
 21 Aug 22, 11:09 AM

টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা।। রাষ্ট্রপতি

টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা।। রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে হত্যা করতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ঘাতকচক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করা। রোববার (২১ শে আগস্ট) ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, শোকাবহ ২১ আগস্ট। ২০০৪ সালের এদিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদ হন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। আমি সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

আবদুল হামিদ বলেন, লাখো শহিদের আত্মত্যাগের ফসল আমাদের মহান স্বাধীনতা। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮ এর সামরিক শাসনবিরোধ আন্দোলন, ’৬৬ এর ৬-দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর নির্বাচন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথ রঞ্জিত হয়েছে শাসকের বুলেটের আঘাতে। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের ওপর প্রথম আঘাত আসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এদিন স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে অকালে জীবন দিতে হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন