
নিউজ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৩ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতদের মধ্যে এক নারী ও দুই শিশু রোহিঙ্গা রয়েছে। শনিবার (২০ আগস্ট) সকালে তাদের পুনরায় ভাসানচর আশ্রয়ণে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- ভাসানচর আশ্রয়ণের ৮২ নম্বর ক্লাস্টারের রফিক উল্যার স্ত্রী মনোয়ারা বেগম (২৫), তার ছেলে কাওছার (১৩ মাস) ও মেয়ে সামিরা (৮)। পুলিশ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজার এলাকায় এক নারী দুই শিশুসহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পরে স্থানীয়রা তাদের আটক করেন। তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় তারা সবাই রোহিঙ্গা। পরে স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিনের কাছে নিয়ে যায় তাদের। পরে পুলিশ আটককৃত রোহিঙ্গাদের চরজব্বার থানায় নিয়ে আসে।