News71.com
 Bangladesh
 20 Aug 22, 10:54 AM
 202           
 0
 20 Aug 22, 10:54 AM

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সমাবেশে সংঘর্ষ।। একজনকে ছুরিকাঘাত

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সমাবেশে সংঘর্ষ।। একজনকে ছুরিকাঘাত

নিউজ ডেস্কঃ বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মেফতা আল রশিদ মিল্টন (৩৩) নামে এক যুবদলকর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা। সমাবেশ সংক্ষিপ্ত করার উদ্দেশে প্রধান অতিথি ছাড়া আর কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। প্রধান অতিথির বক্তব্যের পর সমাবেশের সভাপতি মাজেদুর রহমান জুয়েল সমাপনী বক্তব্য শুরু করেন। ১০ মিনিট বক্তব্য দেওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল পেছন থেকে মাজেদুর রহমান জুয়েলের পিঠে ধাক্কা দিয়ে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন। এ নিয়ে মঞ্চে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে শুরু হয় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় শহর যুবদলের আহ্বায়ক সদস্য মেফতা আল রশিদ মিল্টনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষকেই ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন