
নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় বঙ্গোপসাগরে এ পর্যন্ত অন্তত ৭০ জেলেসহ সাতটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। এতে ১৬ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা যায়। এছাড়াও প্রায় ২৫টি ট্রলারের সঙ্গে বর্তমানে যোগাযোগ বিছিন্ন রয়েছে। দ্রুত তাদের উদ্ধার করতে না পারলে নিখোঁজ জেলের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ট্রলারডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো এমবি মামনি-৩, এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক মিঝি।
এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারে থাকা জেলেদের বাড়ি মহিপুরে। এদিকে উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ ও ঝড়ের কবলে পরে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৫৪ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় ১৬ জেলে। নিখোঁজ ১৪ জেলে এফবি কুলসুম ট্রলারে ছিল। আর এফবি রফিক মিঝি ট্রলার ডুবে যাওয়ার সময় ওই ট্রলারের মালিক রফিক মিঝি (৬০) নিখোঁজ হন। নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল জানান, সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।