
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের তর্জন গর্জনের দরকার হবে না। আমাদের গর্জন হবে কাজের মধ্য দিয়ে। বেশি কথা বলে আন্দোলন এগিয়ে যাবে না। আমাদের আন্দোলন পরিকল্পিত। সুতরাং বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে সরানো যাবে না।পরিকল্পিত আন্দোলনে সরকারের পতন হবে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য সুশৃঙ্খল এবং জনসম্পৃক্ততা। এই সরকারকে পতন ঘটাতে হলে, জনসম্পৃক্ততাকে কাজে লাগাতে হবে।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ২২ আগস্ট থেকে চট্টগ্রামসহ সারাদেশে বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা টাকা দিয়ে, মাস্তান দিয়ে যে কাজটি করতে পারবে না সেটি আমরা সাধারণ জনগণকে দিয়ে করতে পারবো। আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের সাহস দেখতে পাচ্ছি।সমর্থকরাও রাস্তায় নেমে আসছে। বাংলাদেশে এবং বিদেশে একটি কথা উঠে আসছে, শেখ হাসিনা আর কতদিন থাকবে। আওয়ামী লীগ এই বিষয়ে অত্যন্ত সজাগ।